ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্টের পর সমালোচনার মুখে পড়েছেন। এ প্রেক্ষাপটে তিনি একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন যেখানে তিনি সাইবার অপরাধী ও বুলিংকারীদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
ভিডিওবার্তায় প্রভা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে তিনি বুলিংয়ের শিকার হচ্ছেন। তিনি বলেন, 'আপনারা আমাকে বুলিং করে মজা পান, এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়, তা আমি বুঝি।' তিনি প্রশ্ন তোলেন, 'যদি ৫০ শতাংশ সময় বুলিংয়ের পরিবর্তে অপরাধীদের চিহ্নিত করা হতো, তাহলে পরিস্থিতি এমন হতো না।'
প্রভা সমাজে 'ভিকটিম ব্লেমিং' সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'যারা অন্যের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করা গুরুতর অপরাধ।' তিনি দাবি করেন, সমাজের উচিত ভুক্তভোগীদের প্রতি সহানুভূতি জানানো এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা।
অনলাইন ট্রলকারীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের ইনসিকিউরিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়দের জন্ম হতো না।'
ভিডিওবার্তার শেষে প্রভা আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করার এবং সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, 'ভুক্তভোগীকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন।'