মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্তার অভিযোগ

কলকাতায় মোশাররফ করিমকে আওয়ামী লীগের সদস্যরা হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্তার অভিযোগ

কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিকমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

১৫ জুন রাত ১০টার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য মোশাররফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা মোশাররফ করিমকে গালিগালাজ করতে থাকেন এবং তাঁর দিকে তেড়ে যান।

জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্ট অনুযায়ী, ঘটনাটি হাতাহাতিতে গড়িয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে হামলার শিকার হয়েছে। যারা অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।"

তিনি আরও বলেন, "এমন ঘটনার ফলে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনে সমস্যা সৃষ্টি হবে। কলকাতার সাথে নাটক, সিনেমা, ওয়েব সিরিজের যৌথ প্রকল্প বয়কটের ডাক দেওয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।"

এদিকে, মোশাররফ করিম এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন