রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। হাইকোর্টে আসামিদের জেল আপিল শুনানির জন্য গৃহীত হওয়ায়, যেকোনো দিন শুরু হবে এই মামলার শুনানি।
মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, গত ১৯ মে, পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মাত্র ১৯ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
এরপর ওই রায়ের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায়সহ নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।
১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল করেন। পরবর্তীতে ১৪ জুন, বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন দুটি শুনানির জন্য গ্রহণের আদেশ দেন।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে আবেদনটি গৃহীত হয়। এখন অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে।