কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন করা ৯ জনকে ৪৮ ঘণ্টা পার হলেও ফেরত নেয়নি বিএসএফ। এই ৯ জন নারী, শিশু ও পুরুষসহ সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত রোববার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৬টায় বিএসএফ সদস্যরা রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি আরও জানায়, তাদের মধ্যে ৬ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে। বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুশ ইন এর চেষ্টা ব্যর্থ হয়। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ পুশ ইন এর অভিযোগ অস্বীকার করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বিজিবি জানায়, আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী, যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা যেতে পারে।
এদিকে, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম হলেও কোনো সমাধান না হওয়ায় পুশ ইন হওয়া ৯ জন সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ছাতা ও পলিথিন সরবরাহ করে তাদের সহায়তা করছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল। বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।