মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আটজন।

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি 'বি-৫২' বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত আটজন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।

স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট ছিল।

এডওয়ার্ডস ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে জানান, নিহত আটজনের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন।

ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে, এরপর আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

কর্নেল হেইস জানান, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে ঘাঁটির ভেতরেই সীমাবদ্ধ ছিল এবং ঘটনার পর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। একাধিক তদন্ত শেষে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হবে। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধানে ছয় মাসেরও বেশি সময় লাগার আশঙ্কা রয়েছে।

'বি-৫২' স্ট্র্যাটোফরট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত দূরপাল্লার বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। একসঙ্গে বিপুল পরিমাণ প্রচলিত বোমা ও পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই বিমান আকাশেই জ্বালানি লোড করতে পারে।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতেও 'বি-৫২' বোমারু বিমান ব্যবহারের তথ্য রয়েছে। সাধারণত পাঁচ সদস্যের ক্রু নিয়ে পরিচালিত হয় এই বিমান।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসম্যান জে ওবারনোল্টে নিহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা জানান। একইসঙ্গে কংগ্রেসওম্যান লিসা ম্যাকক্লেইনও দুর্ঘটনায় জড়িত সবার প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন