যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান।
কিয়ার স্টারমার বলেন, ‘নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করতে চাই না।’ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে।
এ বয়স যাচাইয়ের পদ্ধতিতে মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি অন্তর্ভুক্ত থাকবে। ব্রিটিশ সরকার জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।
যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে কিছু প্ল্যাটফর্মকে ইতিমধ্যে একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়েছে, যার মধ্যে রয়েছে পর্নোগ্রাফি ওয়েবসাইট।
নতুন এই নিষেধাজ্ঞার আওতায় স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) অন্তর্ভুক্ত থাকবে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।