জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক, যিনি রাশিয়ায় জীবিকার সন্ধানে গিয়েছিলেন, ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পেরেছেন, ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের নাম মাফুল ওরফে মফিজ (২৩)। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে। মফিজের স্বজনরা জানান, গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান। সেখানে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও, পৌঁছানোর পর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন।
মফিজের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় ২৯ মে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বার্তার মাধ্যমে তারা তার মৃত্যুর খবর জানতে পারেন।
মফিজের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের লাশ দেশে ফেরত চাই।’
মফিজের বোন কণিকা বলেন, ‘রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা বলে আমার ভাইকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে জানতে পারি, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’
মফিজের চাচাতো ভাই বাসিদ বলেন, ‘কাজের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করছি।’
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, ‘বিষয়টি আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। পরিবারের সদস্যদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’ তবে মফিজের মৃত্যুর বিষয়ে কোনো সরকারি বা কূটনৈতিক সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে তার অবস্থান সম্পর্কে অনিশ্চয়তা কাটেনি বলে জানান স্বজনেরা।