সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা

ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ, সচ্ছলদের বাদ দেওয়া হবে।

ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় খরচের পর্যালোচনা প্রতি ছয় মাস পর করা হবে এবং প্রতি চার বছর পর তালিকা হালনাগাদ করা হবে, যেখানে সচ্ছল ব্যক্তিদের বাদ দেওয়া হবে। সোমবার (১৫ জুন) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই নীতির ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের এই বড় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। এর জন্য কোনো দলীয় লোকজন যুক্ত থাকবেন না এবং শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই এই কর্মসূচিতে কাজ করবেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, সোনালী ব্যাংকের ‘টাকা পে’ অ্যাপ ব্যবহার করে অর্থ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে মোট ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে এবং বরাদ্দকৃত অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠানো হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রামে ছয়টি পরিবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে, এর মধ্যে পাঁচটি পরিবারই রোহিঙ্গা। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পর তারা আর ফ্যামিলি কার্ডের সুবিধা নিতে আসছেন না।

তিনি আরও জানান, কিছু পরিবারের নারীদের নামে সিম না থাকায় টাকা প্রদান করতে সমস্যা হয়েছে। এ কারণে বাজেটে বিনা মূল্যে সিম দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন