দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের পাঁচজন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) রাতের প্রথম প্রহরে আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩), শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), তৈলখিরার চরের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার মৃত সালাম বেপারির ছেলে রাজিক (৫৫) রয়েছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করছে।