দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি মো. জামাল মিয়া। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, জামাল মিয়া প্রায় চার-পাঁচ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি নিজের অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন এবং নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন। ঘটনার রাতে সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালায়, যেখানে এলোপাতাড়ি গুলিতে জামাল মিয়া নিহত হন। হামলায় তার দোকানে থাকা অপর এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার জানায়, জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া, মা খুকুমণি এবং স্ত্রী মাজেদা বেগম রয়েছেন। তাদের তিন সন্তান, বড় ছেলে বায়েজিদ (৮), মেজো মেয়ে সিনথিয়া (৩) এবং ছোট মেয়ে সামিরা (২) রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার ছেলের মরদেহ দেশে এনে সিপাইকান্দিতে দাফনের দাবি জানিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।