দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী ব্যবসায়ী মো. জামাল মিয়া (৪০) নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি জামাল মিয়ার দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাৎক্ষণিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আমার পরিচিত একজন কর্মকর্তা আছেন। নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”