সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে একটি পর্যটকবোঝাই যাত্রীবাহী বাস উল্টে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রাউবুয়েন্ডেন ক্যান্টনের সুশ গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটি প্রথমে রাস্তার পাশে থাকা ধাতব গার্ডরেলে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি খাদে উল্টে যায়।
দুর্ঘটনার পর সুইস পুলিশ এবং জরুরি উদ্ধারকারী সংস্থার একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ট্যুর পরিচালনাকারী সংস্থা ওএডি নিশ্চিত করেছে, বাসটিতে মোট ৪৮ জন পর্যটক ছিলেন এবং তাদের সবাই নেদারল্যান্ডসের নাগরিক।
স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, তবে বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি অথবা চালকের নিয়ন্ত্রণহীনতার বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।