চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলায় প্রবাস ফেরত শাহজাহান পাটোয়ারী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারী এলাকায় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তারা দৌড়াদৌড়ি করতে দেখে শাহজাহান তাদের ডেকে কারণ জানতে চান। যুবকদের ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল ছোড়ার ফলে তিনি গুরুতর আহত হন।
পরে শাহজাহানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, অভিযানের নামে এই হামলা পরিকল্পিত ছিল।
ঘটনার পর স্থানীয়রা মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।