জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর তাকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুল ওয়াহেদ আল-আকাবা সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।
২০২৫ সালে ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি।
সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।