রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

রাজধানীতে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার চন্দ্রিমা মডেল টাউনের একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সুরুজ শেখ নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ারটেক গ্রামের বাসিন্দা ছিলেন।

সুরুজ শেখ চন্দ্রিমা মডেল টাউনের ওই ভবনেই বসবাস করতেন এবং নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার ভাতিজা মো. বাবু জানান, সকালে সুরুজ শেখ ভবনের তৃতীয় তলার ছাদে ফুলের টবে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান, সুরুজ শেখ আর বেঁচে নেই। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন