বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিদ্যুতায়িত হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু, কলাবাগানে দুর্ঘটনা

কলাবাগানে গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু।

বিদ্যুতায়িত হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু, কলাবাগানে দুর্ঘটনা

রাজধানীর কলাবাগানের পান্থপথে গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (২৮) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আবু রায়হানকে বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাউলের চর এলাকায়। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে পান্থপথ এলাকায় বসবাস করছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. মমতাজুর জানান, 'নিহত আবু রায়হান এভিপি কোম্পানির সিকিউরিটি গার্ড। আজ বিকেলে পান্থপথে অফিসের গাছ থেকে আম পারতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন