রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ১৫ বছর বয়সী নিহাম নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ির চান মিয়া গাজীর ছেলে। তিনি আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
নিহতের সহকর্মী আল-আমিন জানান, তারা ভবনটির ৮ তলায় স্যানিটারির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে আল-আমিন নিচে নামেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন।
তিনি আরও জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পর্শে নিহাম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
দুপুরের দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।