রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপিদের বাসস্থান, ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরিয়মের মরদেহ ২০৩ নম্বর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার আরেক আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, তিনি ১৭ জুন মাকসুদা বেগমের সম্মতিতে মরিয়ম খাতুনকে বিয়ে করেন। তবে এই ঘটনায় তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠে। ২০ জুলাই মরিয়মের সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
ডিএমপির তেঁজগাও বিভাগের ডিসি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রেক্ষিতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনও বিষয়টি জানানো হয়েছে, তবে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল আছে।