বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ সংঘর্ষের ফলে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের একজন যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইতুর বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮) গুরুতর আহত হয়েছেন। নিহত শেখ আহাদ আহামেদ ইতু ফরিদুজ্জামান বয়াতির ছেলে।
দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় ইতু, তাঁর বাবা ও মা আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত ঘোষণা করেন। ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব আল রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং মামলার প্রস্তুতি চলছে।