ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের পোশাক কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই ঘটনার ফলে প্রথমে ৬ জন নিহত হন এবং আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। বাকি ১৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।