রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬০ বছর বয়সী প্রমোত সরকার নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রমোত সরকারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই কল্যাণ কুমার জানান, প্রমোত সরকার একটি বেসরকারি কোম্পানিতে মালামাল সাপ্লাইয়ের ডিলার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘আজ বিকেলের দিকে মালামাল নিয়ে একটি অটোরিকশায় যাওয়ার পথে সিএনজি এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ভাই অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।’
কল্যাণ কুমার আরও জানান, ‘আমাদের বাসা সূত্রাপুরের হেমন্দ্র দাস রোড এলাকায়। বাবার নাম মৃত রাম হরি সরকার।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।