বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তাকর্মী মোহাম্মদ মুন্না নিহত হন।

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

ঘটনার পর রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুন্না মোহাম্মদপুর কৃষি মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং বিহারী ক্যাম্পের স্থায়ী বাসিন্দা ছিলেন।

মুন্নার মেয়ের জামাতা মো. ইমরান বলেন, 'আমার শ্বশুর একজন নিরাপত্তা কর্মী। রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প দুই নং এরিয়া এলাকায় ডিউটি করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার শ্বশুরকে ধাক্কা দেয়।' তিনি জানান, গুরুতর আহত অবস্থায় মুন্নাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন