বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পরিচালিত এসব অভিযানে একটি সশস্ত্র সংগঠনের ১ সদস্য নিহত হয়েছে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী গতকাল দুপুর ২টা এবং আজ সকাল ১০টায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে।
পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ২ জন সদস্য আত্মসমর্পণ করে। তাদের কাছে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত অভিযানে সশস্ত্র সংগঠনের ১ সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি একে-৪৭ রাইফেল, ১টি ম্যাগাজিন, ১টি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।