টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
অভিযুক্ত মফিজুল হাছেন মন্ডলের ছেলে। গত ২০ জুন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হলে বিষয়টি জানাজানি হয়। এরপর ভুক্তভোগী মেয়েটির বাবা মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযোগের পর এলাকার জনপ্রতিনিধি ও মাতব্বরা ভুক্তভোগীর পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি ধামাচাপা দিতে ব্যর্থ হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, “আমার অবুঝ মেয়ের সর্বনাশের চেষ্টা করেছে প্রতিবেশী মফিজুল। আমি তার বিরুদ্ধে কঠোর শাস্তি চাই।”
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।