রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদ থেকে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নুসরাত স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সময় ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত নুসরাত পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবার নাম মো. সজীব। তিনি জানান, নুসরাত ছিল তার তিন মেয়ের মধ্যে সবার ছোট। দুর্ঘটনার সময় নুসরাত বাসার ছাদে খেলছিল। পা পিছলে পড়ে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।