শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর

জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রিমান্ডের আদেশ দেন।

আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার ভোরে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। একই দিন সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে আগমনী যাত্রীর বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের দীর্ঘ লাইন তৈরি হয়।

কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। এ সময় লাগেজ আসতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসায় কয়েকজন ব্যক্তি ‘উত্তেজিত’ হয়ে পড়েন এবং ‘অশোভন আচরণ’ করেন।

বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক সেখানে এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলেন।

এসময় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ‘অত্যন্ত রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায়’ গালিগালাজ করতে থাকেন এবং মারধরের হুমকি দেন। তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন। নিরাপত্তা সুপারভাইজার ভিডিও ধারণে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিজ্ঞাপন