ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিবি সূত্রে জানা যায়, এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রাতে দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা এক্সকাভেটর ব্যবহার করে কেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।
এ ঘটনার পর পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। একই সাথে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
এছাড়া যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে এবং কয়েকজন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। রাড্ডাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে নির্দেশ দেন প্রধানমন্ত্রী, যার পর তিনি গত বৃহস্পতিবার পদত্যাগ করেন।