রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকায় রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকায় রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকায় রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার রাত ১০টার দিকে শাহআলী থানার এক নম্বর সেকশন এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলার সহ–সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) রাকিবুল হাসান জানান, সাজ্জাদ হোসেন মিশু শাহআলী থানার এক নম্বর সেকশনের বাসিন্দা।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। প্রায় ২০০ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়।

হামলাকারীরা পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলে। তারা ভবন থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারি নিয়ে যায়।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলার ফলে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন