রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক ক্রাইম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, হামলায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
প্রাথমিকভাবে জমি দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইসিবি চত্বরের পাশে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাধিক মুখোশধারী ব্যক্তি কয়েকটি পিকআপ ভ্যানে করে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালায়। এ সময় হাউজিং প্রকল্পের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, কয়েকজনকে মারধর এবং মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ রয়েছে।
হাউজিং কর্তৃপক্ষের দাবি, তাদের অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুট করা হয়েছে। একই ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।