সাতক্ষীরার পশু হাসপাতালের গেট এলাকায় এক কলেজছাত্র জাকারিয়া খান (১৯) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটে।
জাকারিয়া সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার রুচিরা বেকারীর মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি এই বছর এইসএসসির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
জাকারিয়ার মামা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় দোকানদারের সঙ্গে অজ্ঞাত ব্যক্তিদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে জাকারিয়া মধ্যস্ততা করতে এগিয়ে যান।
জাকারিয়ার মধ্যস্থতার পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকারিয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।