রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এই আদেশ দেন। মামলার প্রধান আসামি সাইমনকে চার দিন এবং বাকি তিনজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে বাদী মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় ফেরদৌস আহমেদ সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং একপর্যায়ে তাকে মারধরও করা হয়।