রাজধানীর বাংলামোটরে চাঁদা চাওয়ার ঘটনায় সোহান নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পুলিশ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনায় সাইমনসহ ৪ জনকে আটক করে।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, চাঁদা চাইতে গিয়ে সোহানের সঙ্গে কথা কাটাকাটির সময় সাইমন তাকে বন্দুক দিয়ে আঘাত করেন, যার ফলে সোহান রক্তাক্ত হন।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সাইমনকে একটি ভবনে অবরুদ্ধ করে রাখেন। স্থানীয়দের মতে, সাইমন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে চাঁদা চাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এরপর এলাকাবাসী সাইমনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং রাত ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। পরে সাইমনকে ভবন থেকে উদ্ধার করে আটক করা হয়।