রাজধানীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি) দুই সহযোগীসহ আলামিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে আলামিনের হেফাজত থেকে একটি বিদেশী রিভলভার এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তিনি নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, ডিস ব্যবসায়ী এবং ইন্টারনেট ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায় করতেন। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর বনশ্রী এলাকার গ্রীনজোন অনলাইন নামক একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং প্রতি মাসে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেন।
এছাড়া, পিচ্চি আলামিন চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলায়ও আসামি হিসেবে তালিকাভুক্ত আছেন।