রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৬৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৩ জন, মিরপুর বিভাগ থেকে ১০২ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ গাঁজা, ইয়াবা মাদকসহ ১টি বাস, ৯টি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়াও নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।