বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ব্যাগ এখনও উদ্ধার হয়নি

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ব্যাগ এখনও উদ্ধার হয়নি, তদন্ত চলছে।

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ব্যাগ এখনও উদ্ধার হয়নি

নাটোরে জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার চুরি হওয়া ব্যাগটি এখনো উদ্ধার হয়নি। ব্যাগটিতে ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। রেলওয়ে পুলিশ (জিআরপি) ব্যাগটি উদ্ধারে কাজ করছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগার জানান, তিনি বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে এসেছেন। সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে এসে পৌঁছান তিনি। ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের সাথে তার পরিচয় হয়। ক্রিলের ভাষ্যমতে, হলুদ কটি পরিহিত ওই যুবক রেলের স্টাফ পরিচয় দিয়ে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর ক্রিল তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে যুবকটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ম্যাগবুক ট্র্যাক করে ব্যাগের অবস্থান রাজশাহীতে দেখতে পান। পরে জিআরপি পুলিশ ক্রিলকে নাটোর থেকে রাজশাহী নিয়ে যায়।

শান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, ইতোমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে হলুদ কটি পরিহিত যুবক ক্রিলের সাথে ঘনিষ্ঠতা তৈরি করছে এবং পরে তার অগোচরে ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আশা করা হচ্ছে দ্রুত চোরকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

বিজ্ঞাপন