বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে এসে নাটোরে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়েছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
চুরির শিকার পর্যটকের নাম কিরিল। তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন এবং সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে নাটোর পৌঁছান। নাটোরে তিনি দর্শনা বর্ডার হয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
নাটোরের প্লাটফর্মের ওয়েটিং রুমে বসে থাকা অবস্থায় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করার প্রস্তাব দেয়। কিরিল যুবকের কথায় বিশ্বাস করে এবং কিছু সময় পরে সেই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।
কিরিল পরে নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে পুরো ঘটনার বিস্তারিত জানান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, কিরিলকে নিয়ে প্লাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।