রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিপণের জন্য রাকিবকে আটকে রাখেন পূর্বপরিচিত মামুন। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘাড়ে আঘাত পেয়ে রাকিবের মৃত্যু ঘটে। পরে মরদেহ কার্টুনে ঢুকিয়ে গ্রামের বাড়ি নীলফামারির ডিমলায় নিয়ে গিয়ে মাটির নিচে পুতে রাখা হয়।
মহিদুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন রাকিব। এ ঘটনায় কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে মামুন নামে ক্রিয়েটিভ আইটির এক শিক্ষার্থীর সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়।
পুলিশ ৫ অক্টোবর মামুনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মামুন প্রথমে রাকিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তাকে শুক্রাবাদের বাসায় ডেকে নিয়ে আটকিয়ে ১৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। রাকিবের পরিবার মোবাইল ব্যাংকিংয়ে ৪ লাখ টাকা পাঠালেও মুক্তি মেলেনি।
মহিদুল ইসলাম আরও জানান, ধস্তাধস্তির সময় রাকিবের মৃত্যু ঘটলে মামুন তার মরদেহ মাটির নিচে পুতে রাখেন। পুলিশ এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে।