নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদার ইব্রাহিম খলিলকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। ইব্রাহিম উপজেলার চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ইব্রাহিমের মুদি দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি বোতলে পেট্রোলও বিক্রি করা হতো। গত রাতে সুমন মিয়া দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। দোকানদার সিগারেট দিতে অস্বীকৃতি জানালে সুমন দোকানের সামনে রাখা পেট্রোল ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় আশপাশের ব্যবসায়ীরা ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইব্রাহিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সুমন মিয়া দোকানের সামনে পেট্রোল ছিটাচ্ছেন এবং পরে আগুন ধরিয়ে দৌড়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ইব্রাহিমের শরীরে আগুন ধরে গেলে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন।