চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী ফল ব্যবসায়ী মধু হত্যার শিকার হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গার মুচির বটতলায় এই ঘটনা ঘটে।
নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভ্রাম্যমাণ ফল বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পাওনা টাকা চাওয়ার কারণে মধুর সঙ্গে এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এর পর, এক পর্যায়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি লোহার শলাকার মতো ধাতব বস্তু মধুর বুকে ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, "ফুটপাতে সবজি ও ফল বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।"