চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলী দামুড়হুদার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), সদরের সিনেমা হলপাড়ার জনি আহমেদ (৪২) ও মন্দির পাড়ার নিষ্কলঙ্ক (৪০)।
পুলিশ জানায়, সকালে শাহীন আলী মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শাহীন আলী নিহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।