সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে অটোরিকশাচালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার

গাজীপুরে অটোরিকশাচালক আতাউর রহমান হত্যায় দুই আসামি গ্রেপ্তার, শোকের ছায়া এলাকায়।

গাজীপুরে অটোরিকশাচালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় পিবিআই ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজীব খান এবং নকিবুল হাসান, যিনি রাকিব নামে পরিচিত।

পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ২০ আগস্ট বিকেলে ৬০ বছর বয়সী আতাউর রহমান মির্জানগর থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব খান ও নকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ সময় দোকান মালিক কিবরিয়াকেও গ্রেপ্তার করা হয়, যিনি অটোরিকশা কেনা ও হেফাজতের অভিযোগে আটক হন।

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার জানান, আদালতে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দিতে উঠে এসেছে যে, ঋণের দায়ের কারণে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, আতাউর রহমানের মৃত্যুর খবর শুনে তার মা জহুরা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মা-ছেলের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন