নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোটন একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার সময় ছোটন মোটরসাইকেল চালিয়ে মেঘনা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।