শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শুক্রবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার নির্ধারিত আটটি পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম জানান, গাজীপুরে প্রথম পর্যায়ে ৩০টি কারখানায় ১৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শ্রমিকরা কারখানার ভিতরেই লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন।

চট্টগ্রাম নগরীর ১০টি পয়েন্টে বিশেষ ওএমএস কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি জানান, পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতেই সরকারের এই উদ্যোগ। নারায়ণগঞ্জের কায়েমপুর, বিসিক, আদমজী ইপিজেডসহ ১০টি স্থানে শ্রমিকরা স্বল্প মূল্যে চাল কিনতে ভিড় করছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘প্রাথমিকভাবে ৩ মাসের জন্য সরকার এই কার্যক্রম চালু করেছে। প্রথম দিনেই শ্রমিকদের ভালো সাড়া পাওয়া গেছে।’

নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল পাবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত পয়েন্টে খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে।

বিজ্ঞাপন