যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কাজ চলছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলসহ (ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিল) এবং চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে এটির কারিগরি কারণ এখনও জানা যায়নি।
বর্তমানে পাওয়ার গ্রিড বাংলাদেশ সিস্টেম পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। প্রকৌশলীরা ধাপে ধাপে পুনঃসংযোগ স্থাপনের কার্যক্রম পরিচালনা করছেন।
বিদ্যুতের জাতীয় গ্রিড সিস্টেম এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ বিভাগ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।