শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে শিশুদের খেলার বিরোধে বৃদ্ধ হত্যা: দুই গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের খেলার বিরোধে বৃদ্ধ হত্যা, পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে।

নোয়াখালীতে শিশুদের খেলার বিরোধে বৃদ্ধ হত্যা: দুই গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে বিরোধের জেরে ৭০ বছর বয়সী মীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি মো. ইয়াসিন তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় রওশন আরার গায়ে বল লাগলে তিনি ক্ষুব্ধ হয়ে বলটি নিয়ে যান। পরে হাবীব নামে এক শিশু বলটি ফেরত নিতে গেলে রওশন আরার সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে রওশন আরার পরিবারের সদস্যরা হাবীবের পরিবারের ওপর হামলা চালায়। হামলার সময় মীর হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, নিহতের ছেলে মো. আলমগীর শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন