মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাফি (২০) এবং জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। নিহতরা ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সমষপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
তিনি আরও জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ধাক্কা দেওয়া গাড়িকে শনাক্ত করা সম্ভব হয়নি।