সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক

সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ, যিনি যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে এবং বর্তমানে বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন। অপরজন হলেন মতিউর হোসেন মোরসালিন, যিনি তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে।

অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার, তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে, তেঁতুলিয়া বাজারে যন্ত্রাংশের দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর সকালে কাশেম সরদার তার দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা কাশেম সরদারের স্ত্রীর কাছে মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানা পুলিশকে অবহিত করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পর তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ডুমুরিয়া থানার এলাকা থেকে তাদের আটক করা হয়। কাশেম সরদার তাদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দাখিল করেছেন।

বিজ্ঞাপন