সাতক্ষীরায় খাবারের সাথে বিষক্রিয়া দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে সঞ্জয় সাহার বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সঞ্জয় সাহা জানান, শুক্রবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, বসতঘরের পেছনের গ্রিল কাটা। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল এবং বাড়ির সামনের বারান্দার গ্রিলও কাটা ছিল।
তিনি আরও জানান, ঘটনার সময় পরিবারের চার সদস্যই অচেতন ছিলেন। তার ধারণা, রান্নাঘরের বারান্দায় রাখা পানির ফিল্টারে অথবা রান্নাঘরে থাকা খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে রাখা হয়েছিল। সেই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ভাত ও পানির নমুনা সংগ্রহ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।