সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার ভুয়া অপবাদ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে হত্যার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
গত রাতে নিহতের বড় ভাই মো. জলিল বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১০ জনের নাম উল্লেখসহ আনুমানিক ২৪০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নেমে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা শামীমের ওপর হামলা চালায়।
প্রথম দফায় গণপিটুনির পর পুলিশ গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে শামীমের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেয়। তারা বলেন, এই ভিত্তিহীন উস্কানির কারণে উত্তেজিত জনতা হামলা ও হত্যাকাণ্ড ঘটায়।
ওয়াহিদুজ্জামান শামীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের পরিবার জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের কাজ অব্যাহত রয়েছে।