শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ঘের ব্যবসায়ীকে হত্যা

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ঘের ব্যবসায়ীকে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত ক্ষিতিশ মন্ডল মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির অভিযোগে তাকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে যে, আটক করার পর ১০-১৫ জন স্থানীয় ব্যক্তি তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্যাতন চালায়। দীর্ঘ সময় ধরে চলা এই নির্যাতনের ফলে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, "আমার চাচাতো ভাইয়ের নিজের চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা ন্যায়বিচার চাই।"

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অভিযোগে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন